• ১০ অগ্রহায়ণ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

New Coach

খেলার দুনিয়া

SC East Bengal-New Coach : ‌এসসি ইস্টবেঙ্গলের কোচের পদে সেই পুরনো মুখ, কে পেলেন দায়িত্ব?‌

মানোলো দিয়াজের পরিবর্ত কে হবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অনেকগুলো নাম ভেসে উঠলেও দৌড়ে এগিয়েছিলেন মারিও রিবেরা। প্রত্যাশামতোই তাঁকে বাকি মরশুমের জন্য কোচ নিয়োগ করলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। বছরের প্রথম দিনই কোচ হিসেবে তাঁর নাম সরকারিভাবে ঘোষণা করে হয়েছে। অনেক প্রত্যাশা নিয়ে স্পেনের মানোলো দিয়াজকে কোচ হিসেবে নিযুক্ত করেছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু প্রত্যাশাপূরণে ব্যর্থ এই স্প্যানিশ কোচ। চলতি আইএসএলে দলকে একটা ম্যাচেও জয় এনে দিতে পারেননি দিয়াজ। লালহলুদ কর্তারা চেয়েছিলেন দিয়াজ নিজে থেকে সরে যান। কিন্তু আর্থিক ক্ষতিপূরণের বিষয়টা চূড়ান্ত না হওয়ায় তিনি পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না। অবশেষে বেশ কয়েকদফা বৈঠকের পর আর্থিক ক্ষতিপূরণের ব্যাপারে দুই পক্ষ একমত হয়। তারপর কর্তাদের চাপে পদত্যাগ করেন দিয়াজ। দিয়াজ পদত্যাগ করার পরপরই সহকারী কোচ রেনেডি সিংকে অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে বলেন কর্তারা। তার মাঝেই নতুন কোচের সন্ধানে নেমে পড়েন। এসসি ইস্টবেঙ্গলের কর্তারা চাইছিলেন এমন একজন কোচকে দায়িত্ব দিতে, যিনি ভারতীয় ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল। এলকো শাতোরি, মারিও রিভেরাদের নাম সামনে আসে কর্তাদের। শাতোরি নিজেই লালহলুদ কর্তাদের প্রস্তাব নাকচ করে দেন। মারিও রিভেরা রাজি হন। শেষ পর্যন্ত তাঁকেই দায়িত্ব দেওয়া হল। এর আগে লালহলুদে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মারিও রিভেরার। ২০১৮১৯ সালে তিনি আলেসান্দ্রো মেন্ডেজের সহকারী হিসেবে কাজ করেছিলেন। ২০২০ সালে কর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে আলেসান্দ্রো মেন্ডেজ পদত্যাগ করে দেশে ফিরে যান। তখন লালহলুদ কর্তারা মারিও রিভেরাকে আই লিগের বাকি ৭ ম্যাচের জন্য দায়িত্ব দেন। তাঁর কোচিংয়ে ইস্টবেঙ্গল আই লিগে রানার্স হয়। প্রত্যাবর্তনের আশায় তাই আবার সেই পুরনো কোচেরই শরণাপন্ন হলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। সোমবার ভারতে চলে আসবেন মারিও রিভেরা। তবে ৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। বাধ্যতামূলক কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে তিনি দলের দায়িত্ব নেবেন।

জানুয়ারি ০১, ২০২২
খেলার দুনিয়া

SC East Beengal-Perosevic : এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হলেন?‌ রেফারিকে মেরে ৫ ম্যাচ নির্বাসিত পেরোসেভিচ

দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার সকালে পদত্যাগ করেছেন এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বেশ কয়েকজন কোচের নাম নিয়ে আলোচনা চলছে। এলকো শাতোরি, ফিলিপ ডিরাইডার, মারিও রিবেরো, আলেজান্দ্রো মেন্ডেজদের নাম নিয়ে আলোচনা চলছে। নতুন কোচের সঙ্গে চুক্তি করতে কয়েকদিন সময় লাগবে। তারপর কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে দলের দায়িত্ব নিয়ে আরও কয়েকটা দিন কেটে যাবে। এই পরিস্থিতিতে দলের সহকারী কোচ রেনেডি সিংকে অন্তর্বতী কোচ হিসেবে দায়িত্ব দিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। তাঁকে সাহায্য করবেন ম্যানেজারের দায়িত্বে থাকা মৃদুল ব্যানার্জি। মানোলো দিয়াজ পদত্যাগ করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। লালহলুদে যোগ দেওয়ার সময় সহকারী হিসেবে স্পেনেরই অ্যাঞ্জেল পাবলো গার্সিয়াকে নিয়ে এসেছিলেন মানোলো দিয়াজ। তিনিও পদত্যাগ করেছেন। দুজনই এখন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। দুই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার। ক্লাবের পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, চলতি মরশুমে অবদানের জন্য হোসে ও অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের জন্য শুভকামনা রইল।মানোলো দিয়াজ পদত্যাগ করে ক্লাব কর্তাদের স্বস্তি দিলেও আরও বড় অস্বস্তিতে পড়েছে এসসি ইস্টবেঙ্গল। আন্তোনীয় পেরোসেভিচকে ৫ ম্যাচের জন্য নির্বাসিত করেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে তাঁকে সরাসরি ধাক্কা মেরেছিলেন পেরোসেভিচ। রেফারি তাঁকে লালকার্ড দেখান। ২৪ জানুয়ারি হায়দরাবাদ এফসি ম্যাচে তিনি খেলতে পারেননি। অর্থাৎ এক ম্যাচ নির্বাসিত ইতিমধ্যেই হয়ে গেছে। এখনও ৪ ম্যাচ মাঠের বাইরে কাটাতে হবে। তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবেন পেরোসেভিচ। ১০ দিনের মধ্যে তাঁকে আবেদন করতে হবে। একেই আইএসএলে এখনও জয় নেই। তার ওপর পেরোসেভিচের নির্বাসন। এসসি ইস্টবেঙ্গলে একমাত্র পেরোসেভিচই ভাল খেলছিলেন। তিনি না থাকলে সমস্যায় পড়তে হবে। সব মিলিয়ে কঠিন সমস্যায় লালহলুদ শিবির।

ডিসেম্বর ২৮, ২০২১
খেলার দুনিয়া

ATK Mohun Bagan : হাবাসের জায়গায় এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে হাইজ্যাক করে নিয়ে আসছে এটিকে মোহনবাগান!‌

আন্তোনীয় লোপেজ হাবাসের জায়গায় এফসি গোয়ার কোচকে হাইজ্যাক করে নিয়ে আসছেন এটিকে মোহনবাগান কর্তারা! সবকিছু ঠিকঠাক থাকলে দুএকদিনের মধ্যেই সবুজমেরুণের হেড কোচ হিসেবে যোগ দিচ্ছেন জুয়ান ফেরান্দো। এফসি গোয়াও এই স্প্যানিশ কোচকে রিলিজ দিতে রাজি হয়েছে।শনিবার কর্তাদের চাপেই পদত্যাগ করেন এটিকে মোহনবাগান কোচ আন্তেনীয় লোপেজ হাবাস। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হাবাসের সহকারী ম্যানুয়েল কাসকালানাকে দায়িত্ব দেন এটিকে মোহনবাগান কর্তারা। পাশাপাশি নতুন কোচের সন্ধানও করতে থাকেন। হোসে মলিনার কথা ভেবেছিলেন সবুজমেরুণ কর্তারা। কিন্তু স্পেন থেকে ভারতে এসে কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে দলের দায়িত্ব নিতে মলিনার অনেকটা সময় কেটে যেত। তাই শেষ পর্যন্ত মলিনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। এরপর এফসি গোয়ার কোচ জুয়ান ফেরান্দোকে প্রস্তাব দেন এটিকে মোহনবাগান কর্তারা। তিনি সবুজমেরুণ কর্তাদের প্রস্তাবে রাজি হয়ে যান।জুয়ান ফেরান্দো এটিকে মোহনবাগান কর্তাদের কথায় রাজি হলেও অন্য সমস্যা দেখা দেয়। তিনি সবুজমেরুণ কর্তাদের প্রস্তাবে সম্মত হওয়ার পর এফসি গোয়ার কর্তাদের কাছে রিলিজ চান। তাঁর এই আচরণে প্রচন্ড রেগে যান এফসি গোয়ার কর্তা অক্ষয় ট্যান্ডন। প্রথম দিকে এফসি গোয়ার কর্তারা তাঁকে ছাড়তে রাজি হচ্ছিলেন না। বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে এফসি গোয়ার কর্তারা শেষ পর্যন্ত জুয়ান ফেরান্দোকে রিলিজ দিতে রাজি হন।হাবাস পদত্যাগ করায় তাঁর নিয়ে আসা সাপোর্ট স্টাফরাও আর এটিকে মোহনবাগানে থাকবেন কিনা এটাই দেখার। তবে জুয়ান ফেরান্দো গোয়া থেকে ফিটনেস ট্রেনারকেও এটিকে মোহনবাগানে নিয়ে আসছেন। হাবাসকে সরানোর পেছনে উঠে আসছে নানা কারণ। দলের অন্দরমহল থেকে জানা গেছে, ফুটবলারদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন হাবাস। যার ফলে একেকটা ম্যাচে পয়েন্ট হারিয়ে ফুটবলারদের মধ্যে দোষারোপের পালা চলছে। এই পরিস্থিতি সামাল দিতেই হাবাসকে সরানোর সিদ্ধান্ত নেন এটিকে মোহনবাগান কর্তারা।এদিকে, এসসি ইস্টবেঙ্গলের কোচ বদলের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ইতিমধ্যেই নতুন কোচের সন্ধানে নেমে পড়েছেন কর্তারা। ভারতীয় কোচ যেমন সন্ধান করা হচ্ছে, তেমনই বিদেশি কোচের দিকেও নজর রয়েছে। দল বদলের দ্বিতীয় উইন্ডোতে ছাঁটাই করা হচ্ছে টমিস্লাভ মার্সেলো, আমির দেরভিসেভিচকে।

ডিসেম্বর ১৯, ২০২১
খেলার দুনিয়া

T20 World cup : কীভাবে চুক্তি ভেঙে বার্সেলোনাতে প্রত্যাবর্তন করলেন জাভি হার্নান্ডেজ?‌ জানতে পড়ুন

কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত নাটক বার্সেলোনাতে। একের পর এক ব্যর্থতায় কোচ রোনাল্ড কোম্যানের ওপর তিতিবিরক্ত ছিলেন বার্সা কর্তারা। লক্ষ্য ছিল জাভি হার্নান্ডেজকে কোচ হিসেবে নিযুক্ত করা। কিন্তু কাতারের আল সাদের সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকায় জাভিকে পাওয়া অসুবিধা ছিল। কোম্যানকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সের্জিও বারজুয়ানকে নিয়োগ করেছিলেন বার্সা কর্তারা। কিন্তু জাভি হার্নান্ডেজের আশা ছাড়েননি। অবশেষে লক্ষ্যে সফল বার্সা কর্তারা। যাবতীয় উৎকন্ঠার অবসান ঘটিয়ে আল সাদ ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নিচ্ছেন জাভি হার্নান্ডেজ। ২০২২ কাতার বিশ্বকাপের শেষ পর্যন্ত জাভি হার্নান্ডেজের সঙ্গে চুক্তি ছিল আল সাদের। তা সত্ত্বেও ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঝাঁপিয়েছিলেন বার্সা কর্তারা। আল সাদের কর্তাদের কাছে জাভিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোদ জানিয়েছিলেন। আল সাদ কর্তারা রাজি হননি। শেষ পর্যন্ত বার্সেলোনার ভাইসপ্রেসিডেন্ট রাফা ইউসে এবং ফুটবল ডিরেক্টর মাতেও আলাম্যানি দোয়া উড়ে যান জাভিকে ছাড়ার ব্যাপারে আল সাদ কর্তাদের রাজি করাতে। কিন্তু তাঁরা বার্সেলোনার কর্তাদের প্রস্তাবে রাজি হননি। এরপরই বার্সেলোনার কর্তারা রোনাল্ড কোম্যানকে সরিয়ে অস্থায়ী কোচ হিসেবে সের্জিও বারজুয়ানকে নিয়োগ করেন। তাঁদের পরিকল্পনা ছিল কাতার বিশ্বকাপ শেষ হলেই স্থায়ী কোচ হিসেবে জাভি হার্নান্ডেজকে নিয়োগ করার। তবে জাভিকে পাওয়ার ব্যাপারে হাল ছাড়েননি বার্সা কর্তারা। অন্যদিকে, জাভিও বার্সাতে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। আল সাদের সঙ্গে কীভাবে চুক্তি ছিন্ন করে বেরিয়ে আসা যায়, সেই রাস্তাও তিনি খুঁজছিলেন। জাভি বলেছিলেন, আমি বার্সাতে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু আল সাদের সঙ্গে আমার চুক্তি রয়েছে। দুটি ক্লাবকে নিজেদের মধ্যে আলোচনা করে রাস্তা বার করতে হবে। মেয়াদ শেষ হওয়ার আগে জাভিকে নেওয়ার জন্য প্রচুর অর্থ বার্সাকে ব্যয় করতে হয়েছে। শেষ পর্যন্ত বার্সা কর্তারা আল সাদকে ক্ষতিপূরণ দিয়েই জাভিকে নিতে রাজি হন। আল সাদের সিইও তুর্কি আলআলি বলেছেন, জাভির সঙ্গে আমাদের ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্ত চুক্তি ছিল। শর্ত ছিল, চুক্তি ছিন্ন করলে ক্ষতিপূরণ দিতে হবে। শর্তানুযায়ী বার্সা কর্তারা অর্থ দিতে রাজি হওয়ায় জাভিকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও বার্সেলোনাকে আমরা সাহায্য করব। ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে খেলার জন্য আল সাদে যোগ দিয়েছিলেন জাভি হার্নানন্ডেজ। ২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেন। নতুন ভুমিকায় দলকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন জাভি। বার্সেলোনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, জাভির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ঘরে ফেরার জন্য স্বাগত। রবিবারই দোহা থেকে কাতার পৌঁছবেন জাভি। সোমবার বার্সিলোনার নতুন কোচ হিসেবে তাঁকে তুলে ধরা হবে। জাভির প্রত্যাবর্তনে খুশির হাওয়া ন্যু ক্যাম্পে।

নভেম্বর ০৬, ২০২১
খেলার দুনিয়া

I‌ndia Coach : ভারতীয় কোচের দায়িত্ব আবার এক অস্ট্রেলিয়ানের হাতে?‌

ভারতীয় হেড কোচের দায়িত্ব কি আবার এক অস্ট্রেলিয়ানের হাতে যাবে? তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের কোচের পদে ঘোরাফেরা করা টম মুডির নাম আবার ভেসে উঠেছে। গ্রেগ চ্যাপেলের পর আবার এক অস্ট্রেলিয়ানের হাতে ভারতীয় ক্রিকেটারদের দায়িত্ব অর্পিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। টি২০ বিশ্বকাপের পরই দায়িত্ব শেষ হচ্ছে হেড কোচ রবি শাস্ত্রীর। তাঁর পাশাপাশি অন্য কোচিং স্টাফদেরও মেয়াদ শেষ হবে। পুরো কোচিং স্টাফ খোলনলচে বদলে ফেলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে কে ভারতীয় দলের কোচ হবেন তা নিয়ে জোর কল্পনা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি চেয়েছিলেন অনিল কুম্বলেকে হেড কোচ করতে। কিন্তু বোর্ডের অনেক কর্তারই আপত্তি কুম্বলেকে নিয়ে। কারণ এর আগে তিনি যখন কোচের দায়িত্বে ছিলেন, অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়েছিল কুম্বলের। সেই দলের অনেক ক্রিকেটারই এখন দলে রয়েছেন। তাই কুম্বলেকে আবার কোচ হিসেবে চাইছেন না বাকি বোর্ড কর্তারা। তাছাড়া কুম্বলের বিরুদ্ধে যাচ্ছে আইপিএলে পাঞ্জাব কিংসের ব্যর্থতা। ভারতীয় দলের পাশাপাশি পাঞ্জাব কিংসের কোচ হিসেবেও তেমন কোনও ভাল রেকর্ড নেই কুম্বলের। তিনিও নাকি এখন আর কোচ হতে চাইছেন না। ভিভিএস লক্ষ্মণকেও হেড কোচের পদে বসানোয় সায় নেই অনেক বোর্ড কর্তার। রাহুল দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব ছেড়ে বিরাট কোহলিদের দায়িত্ব নিতে রাজি নন। ফলে হেড কোচের জন্য বিদেশিদের দিকেই ঝুঁকছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বীরেন্দ্র শেহবাগ অবশ্য ভারতীয় দলের কোচ হতে আগ্রহী। কিন্তু তাঁর হেড কোচ হওয়ার সম্ভাবনা নেই। সহকারীর দায়িত্ব পেতে পারেন। মহম্মদ কাইফকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে। এই পরিস্থিতিতে হে়ড কোচের দৌড়ে ভেসে বেড়াচ্ছে টম মুডির। ২০০৫ সালে যখন গ্রেগ চ্যাপেলকে কোচ করা হ্য তখনও টম মুডির নাম উঠেছিল। ২০১৭ ও ২০১৯ সালে তিনি কোচ হতে আগ্রহী ছিলেন। মুডি এখনও চাইছেন ভারতীয় দলের কোচ হতে। তাঁর কোচিংয়ে ২০০৭ সালে শ্রীলঙ্কা ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল।

অক্টোবর ০৯, ২০২১
খেলার দুনিয়া

‌SC East Bengal : রিয়েল মাদ্রিদের গন্ধমাখা কোচ এবার এসসি ইস্টবেঙ্গলের দায়িত্বে

রবি ফাউলারের জন্য অপেক্ষা করেছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। কয়েকদিন আগেও এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, চলতি মাসের শেষেই গোয়াতে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন রবি ফাউলার। কিন্তু রবি ফাউলার আসছেন না। এই মরশুমে তিনি লালহলুদকে কোচিং করাবেন না। তাঁর পরিবর্তে স্পেনের ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ এসসি ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে। এই স্প্যানিশ কোচের সঙ্গে বুধবার চুক্তি চূড়ান্ত হয়েছে। আইএসএলের গত মরসুমে এসসি ইস্টবেঙ্গকে কোচিং করিয়েছিলেন লিভারপুল কিংবদন্তী রবি ফাউলার। লালহলুদে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। গত মরসুমে আইএসএলে অষ্টম স্থান দখল করতে সক্ষম হয়েছিল এসসি ইস্টবেঙ্গল। রবিই ফাউলারের দল জিতেছিল মাত্র তিনটি ম্যাচে। ৮টি ম্যাচ হেরেছিল। ৯টি ম্যাচ ড্র করে মোট ১৭ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিল রবি ফাউলারের দল। তাঁর পরফরমেন্সে সন্তুষ্ট ছিলেন না এসসি ইস্টবেঙ্গল কর্তারা। যেহেতু রবি ফাউলারের সঙ্গে ২ বছরের চুক্তি ছিল, তাই তাঁকে ছেঁটে ফেলতে পারছিলেন না। শেষ পর্যন্ত দুই পক্ষের সম্মতিতে বিচ্ছেদ হল। ফাউলারের জায়গায় ২০২১-২০২২ মরসুমের জন্য এসসি ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হলেন ম্যানুয়েল দিয়াজ বা মানোলো দিয়াজ। বুধবার ক্লাবের তরফে এক বিবৃতি জারি করে এ খবর জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদের যুব, বি ও সি দলকে কোচিং করানো এই স্প্যানিশ কোচ ২০ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। ফুটবলার হিসেবে মানোলো কেরিয়ার গ্রাফ খুব একটা উর্ধ্বমুখী না হলেও কোচ হিসেবে তাঁর সফলতা এবং অভিজ্ঞতা বেশ উল্লেখযোগ্য। কোচ হিসেবে ৩২৮টি ম্যাচ খেলানো মানোলোর জয়ের হার ৪১.৭৭ শতাংশ। ২০১৮-২০১৯ মরসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিলার কোচ হিসেবে জয়ের হার ৪৬.৬৬ শতাংশ।এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হওয়ার পর দলকে সাফল্য এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানুয়েল দিয়াজ। তিনি বলেছেন, বড় ক্লাবে কোচিং করানোর ক্ষেত্রে চাপ ও প্রত্যাশা সামলানোর অভিজ্ঞতা আমার আছে। এই রকম চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কম সময়ের মধ্যে ঘর গুছিয়ে অনেকটা রাস্তা পেরোতে হবে। এসসি ইস্টবেঙ্গল ফ্যানদের স্বার্থে ফুটবলারদের থেকে সেরাটা বের করে আনা আমার প্রধান কাজ।

সেপ্টেম্বর ০৮, ২০২১

ট্রেন্ডিং

দেশ

২০ সাংসদকে নিয়ে রাত পর্যন্ত বৈঠক শুভেন্দুর! ‘ভি’ চিহ্ন দেখিয়ে বেরিয়ে সোমবার ফের বৈঠক, কীসের আশঙ্কা বিজেপির?

২০ জন সাংসদকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। তাই রাত পর্যন্ত বৈঠক করেও থামছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার রাতে সাংসদ সুকান্ত মজুমদারের বাসভবনে এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে আলোচনা। বৈঠক শেষে বাইরে বেরিয়ে ভি চিহ্ন দেখান মুখ্যমন্ত্রী। তবে এখানেই শেষ নয়। সোমবারও দিল্লিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুপুর ২টোয় দিল্লির বঙ্গভবনে এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে ফের বৈঠকে বসবেন শুভেন্দু।রাজনৈতিক মহলের মতে, সংসদের বিশেষ অধিবেশনকে সামনে রেখে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না বিজেপি। সোমবার দিনভর দফায় দফায় বৈঠক হতে পারে। অধিবেশন শুরু হলে বিরোধীরা হইচই করতে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি, এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে তৃণমূলের নেতারা যোগাযোগ করতে পারেন বলেও মনে করছে শাসক শিবির। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই সাংসদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিজেপির শীর্ষ নেতারা।সূত্রের খবর, অধিবেশন কক্ষে পরিস্থিতি কেমন থাকে, তা দেখার পরেও ওই সাংসদদের সঙ্গে আলোচনা করতে পারেন শুভেন্দু। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনেও এই বিষয়ে ইঙ্গিত মিলেছে। অর্থাৎ, সোমবারের অধিবেশন চলাকালীনও ২০ সাংসদের অবস্থানের উপর নজর রাখতে চাইছে বিজেপি।এদিকে, সোমবারের অধিবেশনের আগে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, সেখানে তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ জন সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়। তাঁরা প্রত্যেকেই বিলের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট মহলের।অন্য দিকে, এনসিপিআইয়ের সাংসদদের বিরুদ্ধে হুইপ জারি করেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ওই হুইপ মানতে তাঁরা বাধ্য নন। ফলে সোমবারের ভোটাভুটিতে কোন পক্ষের নির্দেশ মেনে সাংসদেরা ভোট দেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।এদিকে, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনকে নিজেদের অবস্থানে রাজি করানোর চেষ্টা করেও সফল হননি রাহুল গান্ধীরা। সূত্রের খবর, ডিএমকে সরকারপক্ষকেই সমর্থন করছে। ফলে এনসিপিআইয়ের ২০ সাংসদের সমর্থন এনডিএ শিবিরের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।সব মিলিয়ে সোমবারের অধিবেশন ঘিরে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এক দিকে তৃণমূলের হুইপ, অন্য দিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই সাংসদদের একের পর এক বৈঠক। শেষ পর্যন্ত ২০ সাংসদ নিজেদের অবস্থানে অনড় থাকেন কি না, এবং ভোটাভুটিতে কী ভূমিকা নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ২৯, ২০২৬
দেশ

অভিষেককেই কড়া হুইপ কাকলির! আসন পুনর্বিন্যাস বিল ঘিরে তৃণমূলে নতুন সংঘাত?

শাঁখের করাত যেন একেই বলে! আসন পুনর্বিন্যাস বিল আটকাতে বিরোধী নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই বিলের পক্ষেই ভোট দিতে তাঁকে কড়া নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষদস্তিদার। শুধু অভিষেক নন, তৃণমূলের ২৭ জন সাংসদের উদ্দেশে এই নির্দেশ জারি করেছেন তিনি। ফলে বিল নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে নতুন জটিলতা।কাকলির চিঠিতে বলা হয়েছে, ৩০ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে এবং ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে লোকসভায় উপস্থিত থাকতে হবে সাংসদদের। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের উপর ভোট শেষ না হওয়া পর্যন্ত সভায় থাকতে হবে। বিলের আলোচনা ও ভোটাভুটিতে অংশ নেওয়ার পাশাপাশি বিলের পক্ষে ভোট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মুখ্য সচেতকের এই নির্দেশ কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে চিঠিতে।এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হিসাবে দলের সাংসদদের ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন। দলের অবস্থান অনুযায়ী ভোট দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ মানতে রাজি হননি এনসিপিআইয়ের সাংসদেরা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, সরকারি নথি অনুযায়ী এখনও কাকলি ঘোষদস্তিদারই দলের মুখ্য সচেতক। তাই নিয়ম মেনে হুইপ জারি করার অধিকার তাঁরই রয়েছে। অভিষেকের নির্দেশ তাঁরা মানছেন না বলেও জানিয়েছিলেন তিনি। সেই ঘটনার পরেই এ বার কাকলির তরফে নতুন করে হুইপ জারি করা হল।এই বিতর্কের পিছনে রয়েছে মুখ্য সচেতকের পদ নিয়ে দীর্ঘদিনের জট। ২০২৫ সালের অগস্টে ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরে কাকলি ঘোষদস্তিদারকে সেই দায়িত্ব দেওয়া হয়। তবে ২০২৬ সালের নির্বাচনে পরাজয় এবং কাকলি-সহ ২০ জন সাংসদের এনসিপিআইয়ে যোগ দেওয়ার পর কল্যাণকে ফের ওই পদে নিয়োগ করা হয় বলে দাবি। কিন্তু সেই নিয়োগ নিয়ে জটিলতা এখনও কাটেনি। তার উপর লোকসভার বাদল অধিবেশন চলাকালীন ২২ জুলাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড হন। সেই সাসপেনশন এখনও বহাল রয়েছে। ফলে সরকারি নথিতে মুখ্য সচেতক হিসাবে কাকলির নাম থাকায় তাঁর জারি করা হুইপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।এ দিকে, দলত্যাগের অভিযোগে ওই সাংসদদের অযোগ্য ঘোষণার দাবি ইতিমধ্যেই জানিয়েছে তৃণমূলের একাংশ। সংবিধানের দশম তফসিল অনুযায়ী, কোনও সাংসদ দলের বৈধ হুইপ অমান্য করে ভোট দিলে তাঁর বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইনে পদক্ষেপের আবেদন করা যেতে পারে। তবে তার জন্য হুইপটি সংশ্লিষ্ট মূল রাজনৈতিক দলের তরফে জারি হওয়া জরুরি। পাশাপাশি, কোনও সাংসদকে অযোগ্য ঘোষণা করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব লোকসভার স্পিকারের।এই পরিস্থিতিতে মূল রাজনৈতিক দল হিসাবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল, না কি কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে থাকা সাংসদদের গোষ্ঠীকোন পক্ষের নির্দেশ বৈধ বলে গণ্য হবে, তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশন এবং লোকসভার ওয়েবসাইটে এখনও তৃণমূলের সাংসদ সংখ্যা ২৮ দেখানো হচ্ছে। সেখানে দলনেতা হিসাবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে কাকলির জারি করা হুইপ অমান্য করলে সাংসদদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যাবে, তা নিয়ে শেষ কথা বলার দায়িত্ব স্পিকারেরই।

নভেম্বর ২৯, ২০২৬
দেশ

সোনিয়া-মমতার সব চেষ্টা ব্যর্থ! স্ট্যালিনের সাফ বার্তা, আসন পুনর্বিন্যাস বিলে সরকারের পাশেই ডিএমকে

শেষ মুহূর্তের চেষ্টাতেও কাজ হল না। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে নিজেদের অবস্থান বদলাতে রাজি হল না ডিএমকে। কেন্দ্রের প্রস্তাবিত বিলে সরকারের পাশেই থাকার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর শাসকদল। সূত্রের খবর, রবিবার চেন্নাইয়ে দলের প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠকের পর ইন্ডিয়া জোটের নেতাদের এই বার্তাই দেওয়া হয়েছে। ফলে বিলের বিরোধিতা করতে বিরোধী শিবিরকে একজোট করার চেষ্টা বড় ধাক্কা খেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।স্ট্যালিনের মন গলাতে রবিবার চেন্নাইয়ে তাঁর বাসভবনে হাজির হয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় ডিএমকে-কে পাশে পাওয়াই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও নিজের অবস্থান থেকে সরেননি স্ট্যালিন।সূত্রের খবর, বৈঠকে রাহুল গান্ধী স্ট্যালিনকে ভাই স্ট্যালিন বলে সম্বোধন করেন। কেন্দ্রের এই উদ্যোগকে তিনি বিজেপির নোংরা রাজনৈতিক ছক বলেও কটাক্ষ করেন। একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিরুদ্ধেও সরব হন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, কেন্দ্রের এই পরিকল্পনার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে।রাহুলের অভিযোগ, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ নিজেদের রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে দেশের নির্বাচনী মানচিত্র বদলাতে চাইছে। লোকসভায় আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাবের প্রভাব দেশের গণতন্ত্রের উপর পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এই উদ্যোগের ফলে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেও স্ট্যালিনকে অবস্থান বদলাতে রাজি করানো যায়নি বলে সূত্রের দাবি। বিরোধী জোটের নেতারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও ডিএমকের সিদ্ধান্তে কোনও পরিবর্তন হয়নি। ফলে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের একজোট হওয়ার পথে নতুন বাধা তৈরি হল।এখন প্রশ্ন, ডিএমকে সরকারের পাশে থাকার সিদ্ধান্তে অনড় থাকলে বিরোধী জোটের রাজনৈতিক অঙ্ক কতটা বদলাবে? লোকসভায় বিল পেশ ও ভোটাভুটির সময় বিরোধীরা কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবেন? চেন্নাইয়ের বৈঠকের পর সেই প্রশ্নই ঘুরছে জাতীয় রাজনীতিতে।

নভেম্বর ২৯, ২০২৬
দেশ

ইন্ডিয়া জোটে কি বড় ভাঙন? ৩৭০ সাংসদের সমর্থন জোগাড়ের দাবি বিজেপি সূত্রের

৩৫৮ নয়, আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর জন্য ৩৭০ জনেরও বেশি সাংসদের সমর্থন রয়েছে বিজেপির হাতে! এমনই দাবি বিজেপি সূত্রের। বিল সংসদে পেশের আগেই আত্মবিশ্বাসী শাসক শিবির। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে সংসদে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপি সূত্রের দাবি, ইতিমধ্যেই সেই সংখ্যা জোগাড় করে ফেলেছে এনডিএ।বর্তমানে এনডিএর হাতে রয়েছে প্রায় ৩২০ জন সাংসদ। কিন্তু বিল পাশ করাতে প্রয়োজন প্রায় ৩৬০ জনের সমর্থন। বিজেপি সূত্রের দাবি, এনডিএর বাইরেও বেশ কয়েক জন সাংসদের সমর্থন জোগাড় করা হয়েছে। সব মিলিয়ে সমর্থনকারীর সংখ্যা ৩৭০ ছাড়িয়ে যেতে পারে বলে দাবি শাসক শিবিরের। যদিও এই সংখ্যা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।অন্য দিকে, বিল আটকাতে বিরোধী জোট ইন্ডিয়ার তৎপরতা বেড়েছে। ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের অবস্থান বদলানোর চেষ্টা করছেন বিরোধী নেতারা। সেই উদ্দেশ্যেই রবিবার চেন্নাইয়ে উড়ে যান সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁরা স্ট্যালিনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।তবে বিরোধীদের এই উদ্যোগে শেষ পর্যন্ত কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে স্ট্যালিনের অবস্থান বদলাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী জোটের অন্দরে মতের অমিলের সুযোগ নিতে পারে বিজেপি। ফলে সংসদে বিলটি ঘিরে শেষ মুহূর্তে কী সমীকরণ তৈরি হয়, এখন সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ২৯, ২০২৬
কলকাতা

প্রেসিডেন্সি জেলের ভিতরেই খুনের ছক? মহম্মদ আলিকে মারার পর কোথায় লুকোল অস্ত্র, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রেসিডেন্সি জেলের ভিতরে বিচারাধীন বন্দি মহম্মদ আলিকে পরিকল্পনা করেই খুন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মাথা ও মুখে ভারী ভোঁতা বস্তু দিয়ে একাধিকবার আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। খুনের পর অস্ত্রটি জেলের ভিতরেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ। সেটি ইট, লোহার পাইপ, নাকি অন্য কোনও ভারী বস্তু, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে শৌচাগারের কাছের সিসিটিভি ক্যামেরাটি আগে থেকেই বিকল করে রাখা হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এই ঘটনায় ইতিমধ্যেই জেলের প্রায় ৫০ জন বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জেরা করা হয়েছে একাধিক জেলকর্মীকেও। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলের শৌচাগারের কাছে মাথা থেঁতলানো অবস্থায় উদ্ধার হয় মহম্মদ আলির দেহ। কে বা কারা তাঁকে খুন করল, তা জানতে জেলের ভিতরে বন্দিদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মাথার পাশের অংশ এবং মুখে ভারী কোনও ভোঁতা বস্তু দিয়ে আঘাত করার ফলেই মৃত্যু হয়েছে মহম্মদ আলির। তাঁকে একাধিকবার আঘাত করা হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, আলির উপর খুনি বা খুনিদের আগে থেকেই রাগ ছিল। সেই কারণেই পরিকল্পনা করে তাঁকে জেলের দক্ষিণ দিকের শৌচাগারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তকারীদের অনুমান, বৃহস্পতিবার বিকেল চারটের পর ওই শৌচাগারের কাছে মহম্মদ আলিকে ডেকে নিয়ে যাওয়া হয়। নেশার বস্তু নিয়ে পুরনো কোনও বিবাদ থেকেই তাঁর সঙ্গে অন্য বন্দিদের বচসা হয়ে থাকতে পারে। তার পরেই ভারী কোনও বস্তু দিয়ে মাথা ও মুখে আঘাত করে তাঁকে খুন করা হয় বলে সন্দেহ। খুনের পর অস্ত্রটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। জেলের ভিতরে কড়া নিরাপত্তা থাকায় সেটি বাইরে নিয়ে যাওয়ার সুযোগ কম। তাই জেলের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।খুনের পিছনে কারা থাকতে পারে, তা জানতে বন্দিদের পুরনো বিবাদ এবং সম্পর্কের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। একাধিকবার ভারী বস্তু দিয়ে আঘাত করতে যথেষ্ট শারীরিক শক্তির প্রয়োজন। তাই জেলের কোন বন্দির পক্ষে এমন কাজ করা সম্ভব, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।এই তদন্তে পুলিশের অন্যতম ভরসা জেলের সিসিটিভি ফুটেজ। শৌচাগারের পাশের ক্যামেরাটি বিকল থাকায় সেখানে ঠিক কী ঘটেছিল, তা সরাসরি দেখা সম্ভব হচ্ছে না। তবে আশপাশের অন্য ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুনের আগে ও পরে ওই এলাকায় কারা যাতায়াত করেছিলেন, কে কখন সেখান থেকে বেরিয়েছিলেন, কারও আচরণে অস্বাভাবিক কিছু ছিল কি না, তা বোঝার চেষ্টা চলছে। বন্দিদের বয়ানের সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশের সন্দেহ, ওই শৌচাগারের আশপাশে গোপনে নেশার বস্তু ব্যবহার করতেন কয়েক জন বন্দি। মহম্মদ আলি-সহ কয়েক জনেরও সেখানে যাতায়াত ছিল। নেশার বস্তু অথবা তা বিক্রি করে পাওয়া টাকার ভাগ নিয়ে বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। জেলের ভিতরে নেশার বস্তু সরবরাহের কোনও চক্র কাজ করত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারবারের বিষয়ে জেলকর্মীদের একাংশ কিছু জানতেন কি না, সেই প্রশ্নও উঠেছে তদন্তে।খুনটি আগে থেকে পরিকল্পনা করে করা হয়েছিল, নাকি আচমকা বচসার জেরে আঘাত করা হয়, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যায় বন্দিদের গণনা পর্যন্ত কী কী ঘটেছিল, তার পুরো ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। সন্ধ্যায় বন্দিদের গণনার সময়ই মহম্মদ আলির অনুপস্থিতি নজরে আসে।এন্টালির মাদক মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলে আসার আগেও রেল পুলিশের একটি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন মহম্মদ আলি। ফলে এই জেল তাঁর পরিচিত ছিল। সেই সূত্র ধরে তাঁর পুরনো সহবন্দিদের তালিকা তৈরি করছেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে আলির সম্পর্ক কেমন ছিল, কারও সঙ্গে শত্রুতা বা টাকা-পয়সা নিয়ে বিবাদ ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। আপাতত জেলের ভিতরে লুকিয়ে থাকা খুনের অস্ত্র এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।

নভেম্বর ২৯, ২০২৬
দেশ

২০ সাংসদের দলবদল নিয়ে রবিবার রাতেই বড় বৈঠক! অমিত শাহের সঙ্গে সুদীপ, কী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র?

তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দেওয়া ২০ সাংসদকে ঘিরে দিল্লির রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। শনিবার রাত পর্যন্ত সংসদের নথিতে ওই সাংসদদের দলীয় পরিচয় বদলায়নি। ফলে তাঁদের নতুন দল এনসিপিআই সংসদের স্বীকৃতি পাবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এই পরিস্থিতিতে তৎপরতা বেড়েছে শাসক শিবিরে। স্পিকারের দফতরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।সূত্রের খবর, শনিবার রাতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গেও ফোনে কথা হয়েছে তাঁর। এর পরেও এনসিপিআইয়ের সাংসদদের কাছে বার্তা পৌঁছেছে যে সরকার তাঁদের পাশে রয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সুদীপদের সঙ্গে চূড়ান্ত আলোচনার পর রবিবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজের বৈঠক হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। রবিবারই তাঁর দিল্লি যাওয়ার কথা।অন্য দিকে, দিল্লিতে যখন ২০ সাংসদকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, তখন শনিবার কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। শনিবার দুপুরে দুজনের এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করা হয়েছে। তবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন বীরভূমের সাংসদ।শুভেন্দুর কথায়, যাঁরা মহিলাদের পক্ষে, তাঁরা এই বিলের পক্ষেই ভোট দেবেন। সংসদীয় রাজনীতিতে আরও বেশি সংখ্যায় মহিলা বিধায়ক ও সাংসদ আসুন, সেটাই তিনি চান।এদিকে বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। তাঁর কথায়, দলের প্রবীণ নেতারা বারবার ফোন করছেন। তবে কারা ফোন করছেন, তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। দিল্লি গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।অন্য দিকে, দলীয় নির্দেশ অমান্য করে ভোট দিলে সাংসদ পদ খারিজ হতে পারে বলে শনিবার দিল্লিতে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে বিশেষ অধিবেশনে তৃণমূলের দলীয় নির্দেশ এবং সাংসদদের অবস্থান নিয়েও চাপ বাড়ছে।এখন সব নজর সোমবারের দিকে। স্পিকার কি এনসিপিআইকে আলাদা রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেবেন? নাকি তৃণমূলের দলত্যাগী সাংসদদের নিয়ে নতুন কোনও কৌশল নেবে শাসক শিবির? সংসদের নথিতে তাঁদের পরিচয় বদলাবে কি না, তার উপরেই নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ। সোমবার এই বিষয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেটাই দেখার।

নভেম্বর ২৯, ২০২৬
দেশ

রাহুলে ভরসা নেই! ডিলিমিটেশন রুখতে শেষ মুহূর্তে আসরে সোনিয়া, সঙ্গে মমতা

রাহুল গান্ধীর চেষ্টায় বিশেষ কাজ হয়নি। তাই শেষ মুহূর্তে ডিলিমিটেশন বা লোকসভা আসনের সীমানা পুনর্বিন্যাস রুখতে আসরে নামতে চলেছেন সোনিয়া গান্ধী। তাঁর সঙ্গী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এবং এনসিপি নেতা শরদ পওয়ারকে নিজেদের পক্ষে আনা। সূত্রের খবর, এই দুই নেতার সঙ্গে বৈঠক করে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় তাঁদের রাজি করানোর শেষ চেষ্টা করতে চাইছে কংগ্রেস-সহ বিরোধী জোট।সূত্রের খবর, সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার রাতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে থাকবেন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী। বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার সম্ভাবনাও রয়েছে। প্রথমে তাঁরা যাবেন চেন্নাইয়ে। সেখানে দুপুর দুটো নাগাদ ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এরপর সেখান থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতাদের। রাত আটটা নাগাদ শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে বসতে পারেন তাঁরা।আসলে ডিলিমিটেশন বিল নিয়ে স্ট্যালিন এবং শরদ পওয়ারের অবস্থান বিরোধী শিবিরের কাছে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে। সূত্রের দাবি, এই দুই নেতার সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিজেদের অবস্থান বদলানোর অনুরোধ জানাচ্ছিলেন রাহুল গান্ধীরা। কিন্তু তাতে বিশেষ সাড়া মেলেনি। তাই এবার সরাসরি তাঁদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।এই দুই নেতাকে বোঝানোর ক্ষেত্রে সোনিয়া এবং মমতার উপরেই কেন ভরসা করছে কংগ্রেস? রাজনৈতিক মহলের মতে, স্ট্যালিন এবং শরদ পওয়ারের সঙ্গে দুজনেরই দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুই নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগও যথেষ্ট ভালো। অন্য দিকে, শরদ পওয়ারের সঙ্গে অতীতে জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে সোনিয়া গান্ধীর। স্ট্যালিনের বাবা প্রয়াত এম করুণানিধির সঙ্গেও কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক ছিল। ফলে রাহুল গান্ধীর তুলনায় সোনিয়ার সঙ্গে কথা বলে সমাধানের পথ বেরোনোর সম্ভাবনা বেশি বলেই মনে করছে কংগ্রেসের একাংশ।ডিলিমিটেশন বিল নিয়ে বিরোধী শিবিরের অঙ্ক যে বেশ কঠিন, তা বুঝতে পারছেন জোটের নেতারা। সংখ্যার বিচারে পরিস্থিতি অনুকূলে না থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। স্ট্যালিন এবং শরদ পওয়ারকে পাশে পাওয়া গেলে বিরোধী শিবিরের অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন নেতারা।তবে এই চেষ্টা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন বাংলায় রাজনৈতিক চাপের মুখে, তখন তাঁর কথায় স্ট্যালিন এবং শরদ পওয়ার কতটা প্রভাবিত হবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সোনিয়া-মমতার এই উদ্যোগ কি ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধীদের রাজনৈতিক অঙ্ক বদলে দিতে পারবে? নাকি শেষ চেষ্টা করেও খালি হাতেই ফিরতে হবে তাঁদের? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

নভেম্বর ২৯, ২০২৬
কলকাতা

বাড়ি থেকে বেরোনোর আগে চিঠি! বাঘাযতীন-নিউ গড়িয়ার মাঝে রেললাইন থেকে উদ্ধার প্রাক্তন পুলিশকর্তার দেহ

কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনারের রহস্যমৃত্যু। বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ৭৩ বছরের প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের দেহ। শনিবার সন্ধ্যায় রেললাইনের উপর দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। খবর দেওয়া হয় রেল পুলিশকে। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করেন আধিকারিকেরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিয়ালদহগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রবীরবাবুর। তবে কী ভাবে তিনি রেললাইনে পৌঁছলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ যাদবপুর রেল পুলিশের কাছে স্টেশন মাস্টারের তরফে একটি বার্তা আসে। তাতে জানানো হয়, বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে ১০/১২ এবং ১০/১৪ কিলোমিটার পোস্টের মধ্যে রেললাইনের উপর এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা। শুরু হয় তদন্ত। পরে জানা যায়, মৃত ব্যক্তি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার প্রবীরকুমার চট্টোপাধ্যায়। তিনি বাঁশদ্রোণী থানার বিধানপল্লির ১৬৩ নম্বর বাড়িতে থাকতেন।প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, শিয়ালদহগামী একটি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রবীরবাবুর। ওই ট্রেনের চালক জানিয়েছেন, আচমকাই এক ব্যক্তি রেললাইনে চলে আসেন। ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি রেললাইনে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রবীরবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছেন। তাঁর এক বিবাহিত মেয়ে রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে মৃত্যুর আগে প্রবীরবাবুর লেখা একটি চিঠি ঘিরে নতুন করে রহস্য তৈরি হয়েছে। তাঁর মেয়ের দাবি, বাড়ি থেকে বেরোনোর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন বাবা। সেই চিঠিতে লেখা ছিল, বালিগঞ্জ রেল পুলিশের থানা অথবা শিয়ালদহ রেল পুলিশের থানা এলাকায় তাঁর দেহ পাওয়া যেতে পারে।কেন এমন কথা লিখে গিয়েছিলেন প্রবীরবাবু? তিনি কি নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন, নাকি অন্য কোনও কারণ ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। চিঠির বিষয়বস্তু খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ।এদিকে, মৃতের ভাই সুবীর চট্টোপাধ্যায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে যাদবপুর রেল পুলিশের দফতরে যান। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রবিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত চিঠির বিষয়বস্তু এবং রেললাইনে পৌঁছনোর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নভেম্বর ২৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal